Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে টেকসই প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

একটি টেকসই ও সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারের (এসআরএইচআর) সাথে পুষ্টির সম্পর্ক তুলে ধরতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া সেনসিটাইজেশন কর্মশালা।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর লালখান বাজারস্থ একটি রেস্টুরেন্টে ‘এসআরএইচআর এবং পুষ্টির জন্য নীতিগত সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধিতে মিডিয়া সেনসিটাইজেশন কর্মশালা’ শীর্ষক এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্স ফর ইমপ্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে উন্নয়ন সংস্থা ‘ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন’ (ইপসা)। সহযোগী সংস্থা বাপসা ও মমতার সাথে বাস্তবায়িত এই প্রকল্পে সার্বিক সহায়তা প্রদান করে কানাডার হেলথব্রিজ ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

কর্মশালায় বক্তারা নারীদের স্বাস্থ্যের ওপর অপুষ্টি, হরমোনের ভারসাম্যহীনতা ও জীবনযাত্রার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) নিবন্ধিত ‘ঋতুস্রাব নিয়মিতকরণ’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সাথে স্থানীয় পর্যায়ে সহপাঠী প্রশিক্ষক (পিয়ার-এডুকেটর) তৈরি করে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি করা সম্ভব হয়েছে। তবে গ্রামীণ এলাকার স্বাস্থ্যসেবার বাধা, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য সংকট ও পুষ্টিহীনতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সব পক্ষকে যৌথভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. কামরুল আজাদ বলেন, “মা, নবজাতক ও কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।”

এসআরএইচআর-এর টিম লিডার শামিমা চৌধুরী তৃণমূল পর্যায়ে সঠিক তথ্য পৌঁছাতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন। মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সাংবাদিকরা স্বাস্থ্য সংক্রান্ত সঠিক তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা, দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও গণমাধ্যমের সমন্বিত কাজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য রোধে নজরদারি বাড়ানোর তাগিদ দেন।

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল ইসলাম কচি, বাপসার নির্বাহী পরিচালক ড. আলতাফ হোসেন এবং ইপসার পরিচালক নাসিম বানুর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে। কর্মশালায় উপস্থিত বক্তা ও গণমাধ্যমকর্মীরা চট্টগ্রামে একটি শক্তিশালী ও সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tags :

সর্বশেষ