চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়কে ৬টি নতুন বাস দেওয়ার ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন কার্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামের সঙ্গে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জে আর ইউনুচ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিয়ে আলোচনা হয়। সংকট নিরসনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও গতিশীল ও উন্নত করতে তাৎক্ষণিকভাবে ৬টি নতুন বাস দেওয়ার ঘোষণা দেন তিনি।
বাস দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার পক্ষে দ্রুত সব ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা চ্যালেঞ্জিং। এ অবস্থায় জসিম উদ্দিন ফাউন্ডেশনের মতো সামাজিক প্রতিষ্ঠানের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। ৬টি বাস যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ বলেন, আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অর্থায়ন করে আসছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৬টি নতুন বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ভূমিকা রাখতে পেরে তিনি গর্বিত। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের যেকোনো গঠনমূলক উদ্যোগে ফাউন্ডেশন পাশে থাকবে। ৬টি বাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া, আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন এবং মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।