চট্টগ্রাম বুলেটিন

ড. আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে অনুসরণীয়

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য মাওলানা শাহজাহান চৌধুরী বলেছেন, “ড. আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ ছিলেন জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর পদচারণা ছিল সকলের জন্য অনুসরণীয়। তাঁর বিকশিত অমূল্য প্রতিভা দেশ ও জাতি গঠনে যুগের পর যুগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

শুক্রবার মরহুম ড. আ. জ. ম. ওবায়দুল্লাহ (রাহিমাহুল্লাহ)-এর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর শুক্রবার (১৫ মে) বেলা ১১টায় নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবে এই আয়োজন করে।

 

শাহজাহান চৌধুরী আরও বলেন, “আ. জ. ম. ওবায়দুল্লাহ তাঁর কথা ও কলমের মাধ্যমে আমাদের যা দিয়ে গেছেন, তার যথাযথ মূল্যায়ন ও চর্চা করতে হবে।” এ ধরনের গুণী ব্যক্তির স্মরণে অনুষ্ঠান আয়োজন করায় তিনি দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বাচিকশিল্পী ও কিডস ক্রিয়েশন টিভি’র এর সিইও শরীফ বায়েজিদ মাহমুদ। তিনি ড. আ. জ. ম. ওবায়দুল্লাহর সঙ্গে কাটানো বেশ কিছু স্মৃতিময় মুহূর্ত তুলে ধরেন এবং তাঁর সৃজনশীল কর্মধারাকে সুস্থ সাংস্কৃতিক বিকাশের পাথেয় হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম এবং বিশিষ্ট সুরকার, গীতিকার ও শিক্ষাবিদ ড. চৌধুরী আব্দুল হালিম। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রফেসর ইমদাদ হোসেন ও কবি চৌধুরী গোলাম রব্বানী।

সংগঠনের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আ. জ. ম. ওবায়দুল্লাহ রচিত সংগীত পরিবেশন করেন চট্টলা গানের দলের শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে মরহুম আ. জ. ম. ওবায়দুল্লাহর অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tags :

সর্বশেষ