চট্টগ্রাম বুলেটিন

তৃতীয় লিঙ্গের মানুষের কাছে ভোট চাইলেন জামায়াতের প্রার্থী

চট্টগ্রাম-৪ আসনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কাছে ভোট চেয়েছেন বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আকবরশাহ এলাকার বিহারী কলোনিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি তাঁদের কাছে সমর্থন প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ধরে তাঁরা অবহেলা ও বৈষম্যের শিকার। নির্বাচিত হলে তাঁদের জন্য মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা তৃতীয় লিঙ্গের মানুষদের ঘরে ঘরে গিয়ে কথা বলেছি। তাঁদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। এই জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা আমাদের অঙ্গীকার।

সভায় অংশ নেওয়া তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা তাঁদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক স্বীকৃতি সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় প্রার্থী তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. ইউসুফ চৌধুরী, আকবরশাহ থানা জামায়াতের সেক্রেটারি মো. রেজাউল করিম, মো. শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tags :

সর্বশেষ