চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড়ে আজিম গ্রুপ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছে। দুপুর ১১টা থেকে প্রায় হাজার খানেক পুরুষ ও নারী শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে শতশত যানবাহন আটকে পড়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
শনিবার (২ মে) সকাল ১১টা থেকে শ্রমিকরা সিএন্ডবি মোড়ে সড়কটি অবরোধ করে। তারা সবাই কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত আজিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিক। বকেয় বেতন ও বোনাসের দাবিতে তারা আন্দোলনে নেমেছে বলে জানা গেছে। শ্রমিকদের অভিযোগ, গত বছরের বোনাস ও কয়েক মাসের বেতন এখনও পরিশোধ করেনি মালিকপক্ষ। বারবার বলার পরও তার তোয়াক্কা করেনি। পেটের দায়ে তারা অবশেষে রাস্তায় নামতে হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুর ১১টা থেকে শুরু হওয়া বিক্ষোভ দুপুর ২টা পর্যন্ত চলছে। এতে ৩ ঘন্টা ধরে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। শতশত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকে পড়েছে। বিশেষ করে রাঙামাটির কাপ্তাই, রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, মোহরা এলাকার যাত্রীরা ৩ ঘন্টা ধরে সড়কে আটকা পড়েছেন। এতে গণপরিবহনে থাকা নারী, শিশু ও রোগীদের সীমাহীন দূর্ভোগে পড়তে হয়েছে। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।
জানা যায়, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
শ্রকিদের অভিযোগ, গত বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসের ওভারটাইম পরিশোধ করা হয়নি। প্রতিমাসে বেতন দিতে দেরি করছে আজিম গ্রুপ। ঈদুল আজহার আগে বোনাস ও মে মাসের হাফ বেতন দিতে হবে বলে দাবি তাদের। তারা আরও জানান, গেল সংসদ নির্বাচেনে হান্নান মাসউদের সঙ্গে ভোটে হেরে যান কারখানাটির মালিক। এরপর থেকে লোকসান দেখিয়ে তিনি বেতন দিচ্ছেন না। অজুহাত এখন একটাই নির্বাচনে লোকসান। শ্রমিকদের প্রশ্ন, মালিককে নির্বাচনে অংশ নিতে কে বলেছে?
এ বিষয়ে জেলা শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, প্রতিষ্ঠানটির কোন বকেয়া বেতন নেই। তারা নিয়মিত বেতন পরিশোধ করে আসছে অর্ডার না থাকা স্বত্বেও। এরপরও শ্রমিকদের একটি অংশ তাদেরকে রাস্তায় নামিয়ে আনে। আমরা তদন্ত করে দেখছি ঘটনাটি কি। তবে কিছু ওভারটাইম বকেয়া ছিল যা পরিশোধ করার অঙ্গিকার করেছিল মালিক পক্ষ। কিন্তু তার আগেরই শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন করছে।