চট্টগ্রামের লালখান বাজার থেকে কাজির দেউড়ি পর্যন্ত সড়কের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকাল দশটা থেকে চসিকের একাধিক মোবাইল কোর্ট টীম এই অভিযান পরিচালনা শুরু করেছে। এসময় বুলডোজার দিয়ে অন্তত ২০টি ছোট ছোট স্থাপনা গুড়িয়ে দিয়ে চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করছে চসিকের স্ট্রাইকিং ফোর্স ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান পরিচালনা করছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। তিনি বলেন, লালখান বাজার থেকে কাজির দেউড়ি পর্যন্ত সড়কে দোকানপাট তৈরি করে চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছিল। কর্পোরেশন জানতে পেরে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান শুরু করেছে। একইভাবে নিউমার্কেট, আমতল, কোতোয়ালি, আগ্রাবাদ এলাকায় আমরা অভিযান পরিচালনা করব। সড়ক দখল করে ব্যবসা করার কোন সুযোগ নেই। ফুটপাত চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।