Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

বেসরকারি হাসপাতালগুলোকে পার্কিং নিশ্চিত করতে সিডিএ চেয়ারম্যানের কড়া হুঁশিয়ারি

যানজট নিরসন সিডিএ চেয়ারম্যানের উদ্যোগ

চট্টগ্রাম নগরের ক্রমবর্ধমান যানজট নিরসনে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালগুলোকে পার্কিং নিশ্চিত করতে কড়া হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান। তিনি বলেছেন, নগরে যানজটের অন্যতম কারণ বেসরকারি হাসপাতালগুলোর সামনে অপর্যাপ্ত পার্কিং ব্যবস্থা ও সড়ক দখল করে যানবাহন রাখা। কেননা তারা সিডিএ’র ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গ করে ব্যবসা পরিচালনা করছে। যা আর চলতে দেওয়া যায় না। দ্রুততম সময়ে সব বেসরকারি হাসপাতালগুলোকে পর্যাপ্ত স্থায়ী পার্কিং ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বেসরকারি মেট্রোপলিটন হসপিটাল, রয়েল হসপিটাল, মেডিকেল সেন্টার, সিএসসিআর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন সংস্থাটির উচ্চক্ষমতাসম্পন্ন টীম। এতে সিডিএ’ র প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. সেলিম, এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ, অথরাইড অফিসার-২ মো. তানজীব হোসেন উপস্থিত ছিলেন৷ উচ্চক্ষমতাসম্পন্ন এই টিমটি নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তারা দেখতে পান, মেট্রোপলিটন হসপিটালের পার্কিং ব্যবস্থা তুলনামূলক ভালো। তবে তা যথেষ্ট নয়। তবে সিএসসিআর, মেডিকেল সেন্টার ও রয়েল হসপিটালে পার্কিংয়ের পরিস্থিতি অসন্তোষজনক। যা সত্যিকার অর্থে অপ্রতুল। তাদেরকে দ্রুত প্লান অনুসরণ করে পর্যাপ্ত পার্কিং গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বেসরকারি হাসপাতালগুলোর অনিয়মের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “বেসরকারি হাসপাতালগুলোর প্রায় কোনোটিই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা গড়ে তোলেনি। তারা সিডওএ’র নকশা বহির্ভূতভাবে এবং পার্কিং ব্যবস্থা না রেখেই বাণিজ্যিকভাবে ব্যবসা পরিচালনা করছে। তারা নিজেরাও খুব ভালো করে জানে যে তারা সিডিএ’র কোন কোন আইন ভঙ্গ করেছে। সুতরাং, আমি তাদের স্পষ্ট করে বলতে চাই—তারা যেন অবিলম্বে নিজস্ব উদ্যোগে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা গড়ে তোলে। কেননা আংশিক পার্কিং ব্যবস্থা একটি আইওয়াশ। সেটি করা চলবে না। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা, সিএমপিসহ সব সেবা সংস্থা এখন একমত হয়েছি যে, যেকোনো মূল্যে এই নগরের যানজট নিরসন করা হবে। এই শহরকে জঞ্জালমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। তাই নগরবাসীর দুর্ভোগ লাঘবের প্রশ্নে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা এই বিষয়টি বারবার নিবিড় পর্যবেক্ষণে রাখব। আজ আমাদের উচ্চক্ষমতাসম্পন্ন টিম নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে তাদের সার্বিক চিত্র দেখেছে।যেসব হাসপাতাল পার্কিং ব্যবস্থা রাখেনি, তাদেরকে আজ সতর্ক করা হয়েছে। এটিই তাদের প্রতি আমাদের শেষ সতর্কবার্তা। পরবর্তী পরিদর্শনে যদি হাসপাতালের আকার অনুসারে পার্কিং ব্যবস্থা দৃশ্যমান না হয়, তবে কোনো অজুহাত না শুনে সরাসরি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags :

সর্বশেষ