Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা: সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, “যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমার নৈতিক অঙ্গীকার।”

শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় নগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের হোসেন পুকুরপাড় এলাকায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নিয়মিত চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে এসে ত্রাণ বিতরণসহ দুর্যোগ মোকাবিলার কার্যক্রম সমন্বয় করছেন।”

সাঈদ আল নোমান বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকেও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags :

সর্বশেষ