চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৭ নম্বর ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ-এর নির্দেশে নগরীর রুবি গেইট এলাকায় ড্রেনের মুখ পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পাঁচলাইশ থানা ছাত্রদল। মূলত যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে নালা বন্ধ হয়ে যে সাময়িক জলাবদ্ধতা ও জনগণের ভোগান্তি তৈরি হয়েছিল, তা নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা ও বৃষ্টির কারণে রুবি গেইট এলাকার বেশ কিছু স্থানে পানি জমে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। বুধবার সকাল থেকে সৃষ্ট জলাবদ্ধতায় সেই দূর্ভোগ আরও বাড়ে। বিশেষ করে ড্রেনের মুখে পলিথিন, প্লাস্টিক ও বর্জ্য জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়াই ছিল এই জলাবদ্ধতার মূল কারণ। বিষয়টি জানতে পেরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম সাইফ দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তাঁর এই নির্দেশনার পর পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক মো. ফাহিম চৌধুরীসহ নেতা-কর্মীরা রুবি গেইট এলাকায় গিয়ে ড্রেন ও নর্দমার মুখে জমে থাকা সব ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করার চেষ্টা চালান। ময়লা সরানোর পর ড্রেন দিয়ে পানি চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং জমে থাকা পানির পরিমাণও দ্রুত কমে আসে।
ফাহিম চৌধুরী জানান, যেখানে-সেখানে ময়লা ফেলার অসচেতনতার কারণেই এই ভোগান্তি তৈরি হয়েছিল। তারা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ড্রেন বা রাস্তায় ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানান।
এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, “জনগণের ভোগান্তি কমানো এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের যেকোনো সমস্যায় আমরা অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব।”
ব্যতিক্রমী এই পরিচ্ছন্নতা অভিযানের ফলে রুবি গেইট এলাকার ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।