চট্টগ্রাম বুলেটিন

সংসদে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সরব সাঈদ আল নোমান, প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রামের ভয়াবহ জলাবদ্ধতা ও জনদুর্ভোগের চিত্র অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। বুধবার (২৯ এপ্রিল) অধিবেশন চলাকালে তিনি এই জনগুরুত্বপূর্ণ ইস্যুটি উত্থাপন করেন। তাঁর বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের নাগরিকদের দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার সংসদ অধিবেশনের শুরুতে বিশেষ অনুমতি নিয়ে সাঈদ আল নোমান চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যাটি উপস্থাপন করেন। তিনি বলেন, “এটি চট্টগ্রামের জন্য বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। বিষয়টি এতটাই জরুরি যে, এটি নোটিশ আকারে দেওয়ার মতো সময় নেই। আর দশ-পনেরো দিন অতিবাহিত হলে এই সমস্যার ভয়াবহতা অনুধাবন করা আরও কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, “চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধাতা। এই মুহুর্তে চট্টগ্রামের মানুষ পানিতে ভাসছে এবং আমাদের পানি গলা পর্যন্ত। চট্টগ্রামের মানুষ এখন আক্ষরিক অর্থেই পানিতে ভাসছে। জনমনে এই শঙ্কা তৈরি হয়েছে যে, জলাবদ্ধতার বোধহয় কোনোদিন সমাধান হবে না। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মূল জায়গায় হাত দেন। আমি মনে করি আমাদের যদি অগ্রাধিকার ভিত্তিতে কোনো কাজ করতে হয়, তবে সবার আগে এই জলাবদ্ধতা নিরসন করতে হবে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে আগামী কয়েক বছরের মধ্যে একটি স্থায়ী সমাধান কাঠামো দাঁড় করানো এখন সময়ের দাবি।”

প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ ও আশ্বাস:

সাঈদ আল নোমানের আবেগঘন ও যৌক্তিক বক্তব্যের পর স্পিকার প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বর্তমান পরিস্থিতি স্বীকার করে বলেন, “ চট্টগ্রাম শহরে পানির এই অনাকাঙ্ক্ষিত কষ্টের জন্য আমি ব্যক্তিগতভাবে এবং সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম শহরের সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

প্রধানমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত গুরুত্বের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে। দ্রুততম সময়ে মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে ২৯ এপ্রিলই চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে এসেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার রাতে তিনি নগরীর প্রবর্তক মোড় ঘুরে দেখেন এবং শহরের জলাবদ্ধতা পরিস্থিতি দ্রুত নিরসনে আশ্বাস দেন।

Tags :

সর্বশেষ