স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বাকলিয়ার নিচু এলাকার সড়কগুলো হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। জোয়ারের পানি এবং ড্রেনের উপচে পড়া পানিতে পুরো এলাকা একাকার হয়ে যাওয়ায় আশপাশের পুকুর বা দীঘি থেকে মাছ বেরিয়ে পড়ে। এই সুযোগে ভাঙার পুল এলাকায় এক যুবক শখের বশে সড়কের ওপর জাল ফেলেন। কিছুক্ষণ পর জাল টানতেই রীতিমতো চোখ চড়কগাছ! জালের ভেতর ছটফট করছে বিশাল এক কাতল মাছ। পরে মেপে দেখা যায় মাছটির ওজন প্রায় ১০ কেজি।

ব্যতিক্রমী এই মাছ শিকারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কর্দমাক্ত পানিতে বিশাল মাছটি এক নজর দেখতে ছুটে আসেন আশপাশের শত শত উৎসুক মানুষ। অনেকেই এই দৃশ্য মুঠোফোনে ক্যামেরাবন্দি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতায় চরম ভোগান্তির মধ্যেও এই ঘটনাটি এলাকাবাসীর মনে ক্ষণিকের জন্য হলেও এক অদ্ভুত আনন্দ ও কৌতূহলের খোরাক জুগিয়েছে।