ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম জেলার মধ্যে ‘খ’ শ্রেণিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান ও ধারাবাহিক সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, বিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে ওসি সুজন হালদার-এর হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি সন্দ্বীপ থানা এলাকায় মাদক নির্মূল, সন্ত্রাসী দমন এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটে। ওসি সুজন হালদারের নেতৃত্বে পুলিশ বাহিনীর সাহসিকতা ও ধারাবাহিক সফল অভিযানের ফলশ্রুতিতে চট্টগ্রাম জেলা পুলিশ তাকে এ মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করে।
শ্রেষ্ঠ ওসির সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়া জানান সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হালদার। তিনি বলেন, “এ স্বীকৃতি আমার কাজের দায়িত্ব আরো বাড়িয়ে দিল। সন্দ্বীপবাসীকে সঙ্গে নিয়ে অপরাধ মুক্ত, নিরাপদ ও শান্তিময় সন্দ্বীপ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। এ অর্জন সন্দ্বীপ থানা পুলিশের প্রতিটি সদস্যের পরিশ্রমের ফল।”
এ খবরে সন্দ্বীপের স্থানীয় বাসিন্দাদের মাঝে সন্তোষ দেখা গেছে। সচেতন মহল মনে করছেন, এ ধরণের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত কাজে আরো বেশি উৎসাহিত করবে।