Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

সন্দ্বীপের সাথে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ

নিয়াজ মাহমুদ, সন্দ্বীপ (চট্টগ্রাম)

বৈরী আবহাওয়া ও উত্তাল সন্দ্বীপ চ্যানেলের কারণে চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের সঙ্গে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ফলে মূল ভূখণ্ডের সঙ্গে সন্দ্বীপের নৌ-যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কুমিরা-গুপ্তছড়া ও বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই কুমিরা ও গুপ্তছড়া ঘাটে দুই পারের যাত্রীরা নৌযানের অপেক্ষায় চরম দুর্ভোগে পড়েছেন। তবে সন্দ্বীপ চ্যানেল উত্তাল থাকায় শিপ, স্পিডবোট ও ফেরিসহ কোনো নৌযানই ঘাট থেকে ছেড়ে যায়নি।

সন্দ্বীপ নৌপথে চলাচলকারী ফেরি ‘কপোতাক্ষে’র মাস্টার শামসুল আলম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল শুরু করা সম্ভব হবে না।

বিআইডব্লিউটিসি চট্টগ্রাম সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকেই সন্দ্বীপ চ্যানেল প্রচণ্ড উত্তাল রয়েছে। একই সঙ্গে জোয়ারের উচ্চতাও স্বাভাবিকের তুলনায় বেড়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে কুমিরা-গুপ্তছড়া ও বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি-বেসরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tags :

সর্বশেষ