Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে ক্যান্সার সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক সেশন পরিচালনা করেছে ‘মহসিন-ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থা’ (MFSS)। বৃহস্পতিবার সংস্থাটির উদ্যোগে এবং সামাজিক সংগঠন ‘সুখী’-র সহযোগিতায় এ আয়োজনে রোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। এর মধ্য দিয়ে সীতাকুণ্ড এলাকার সুবিধাবঞ্চিত ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য ৩ মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে ধারাবাহিক চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানের এক বিশেষ দীর্ঘমেয়াদী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

আয়োজকরা জানান, সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত মেডিকেল ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে নারী ও বয়স্ক রোগীদের সুবিধার্থে নারী ও পুরুষদের জন্য পৃথক বুথ এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা সেবা শেষে ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণ বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।

মানবিক এই আয়োজনে সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলাম, সমাজসেবা অফিসার লুৎফন নেছা ও সংগঠনের উপদেষ্টা মহিন উদ্দিন উপস্থিত ছিলেন।মহসিন-ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধিরা জানান, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ এবং সঠিক দিকনির্দেশনা প্রদানই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। সমাজকল্যাণমূলক এই ধারাবাহিক সেবা কার্যক্রমের মাধ্যমে সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিত রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় সংস্থাটি ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

Tags :

সর্বশেষ