জনসাধারণের জন্য বরাদ্দকৃত সরকারি চাল সুকৌশলে নামিদামি ব্র্যান্ডের প্যাকেটে ঢুকিয়ে সাধারণ বাজারে বিক্রি করার এক বিশাল জালিয়াতি চক্রের সন্ধান পেয়েছে প্রশাসন। বুধবার দুপুরে সীতাকুণ্ডের পরিত্যক্ত ‘সালেহ কার্পেট মিলে’ জেলা প্রশাসন, র্যাব ও খাদ্য বিভাগের যৌথ অভিযানে বেরিয়ে আসে এই ভয়াবহ অনিয়মের চিত্র।
অভিযানস্থল থেকে প্রায় ৫৭৮ টন চাল জব্দ করা হয়েছে, যার বড় একটি অংশ সরকারি খাদ্য কর্মসূচির চিহ্নযুক্ত বস্তা থেকে সরিয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্র্যান্ডের মোড়কে ভরা হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত গুদামটিকে তাদের অপরাধের অভয়রাণ্য হিসেবে ব্যবহার করে আসছিল। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পুরো গুদামটি সিলগালা করে দিয়েছে র্যাব।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সরকারি বিভিন্ন খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দ চাল অসাধু ডিলার ও চোরাকারবারিদের মাধ্যমে গোপনে এই গুদামে এনে মজুদ করা হতো। পরে শ্রমিকদের দিয়ে সেগুলো বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় ভরে পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করা হতো।
চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন বলেন,“সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের অধিকার। অথচ একটি অসাধু চক্র সেই চাল আত্মসাৎ করে ভিন্ন ব্র্যান্ডের নামে বাজারজাত করছে। এটি শুধু অর্থনৈতিক অপরাধ নয়, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার ওপরও আঘাত।”