চট্টগ্রাম নগরের হালিশহর আই ও জে ব্লকে নবনির্মিত ‘বায়তুল মোশাররফ জামে মসজিদ’-এর পুণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
শুক্রবার (৭ আগস্ট) এক আধ্যাত্মিক আবহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুন:নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে তিনি সাধারণ মুসল্লিদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমান এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে এই মসজিদের ভূমিকা থাকবে বলেও উল্লেখ করেন। একই সাথে মসজিদের চলমান উন্নয়ন কাজের সহায়তায় ব্যক্তিগত পক্ষ থেকে নগদ আড়াই লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এছাড়া তাঁর পক্ষ থেকে মসজিদের বাকি কাজের জন্য আরও ১০০ বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে নতুন এই আল্লাহর ঘর নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবকল্যাণে ইসলামের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লি উপস্থিত ছিলেন। জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।