Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে

জ্বালানী খাতের শ্রমিক-কর্মচারিদের এই শীর্ষ সংগঠনের নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়ে পরিশোধিত জ্বালানি তেল আমাদানি, বিক্রয় ও বিপণন কার্যক্রমকে বেসরকারি পর্যায়েও পরিচলনার সুযোগ করে দেয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন। তারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশের স্পর্শকাতর এই খাতকে বেসরকারিকরণের পরিকল্পনা দেশবিরোধী ষড়যন্ত্রেরই অংশ। যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার নগরের আগ্রাবাদে অনুষ্ঠিত বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের এক জরুরীসভায় শ্রমিক নেতারা এসব কথা বলেন।
সভায় ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কায়ছার হামিদ বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে সরকারের মধ্যেই ঘাপটি মেরে থাকা মুখোশধারী ও সুবিধাবাদী কিছু কর্মকর্তা বেসরকারি পর্যায়ে পরিশোধিত তেল আমদানির সুযোগ সৃষ্টি করতে মরিয়া হয়ে ওঠেছে। যা হলে দেশের মানুষ মুষ্টিমেয় কিছু ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পড়বে। তিনি অভিযোগ করেন, ইতোপূর্বে অপরিশোধিত জ্বালানী তেল আমদানির অনুমোদন দেয়ার পর নাজুক পরিস্থিতির উদ্ভব হয়েছে। এবার পরিশোধিত তেল আমদানির পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব।
প্রসঙ্গত, সম্প্রতি বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সুযোগ তৈরিতে সম্ভাব্যতা যাচাই ও পর্যালোচনা করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন জ্বালানী খাতের শ্রমিক-কর্মচারিরা। সিদ্ধান্তটিকে অশনিসংকে উল্লেখ করে তীব্র ক্ষোভ ও নিন্দাও জানান তারা। একইসঙ্গে যারা এই কার্যক্রমে জড়িত তাদের অবিলম্বে সরে আসারও আহ্বান জানানো হয়।
ইস্টার্ন রিফাইনারির সিবিএ সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-প্রতিষ্ঠানটির এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, পদ্মা অয়েল কোম্পানি সিবিএ সভাপতি মো. জসিম উদ্দিন, ফেডারেশনের অর্থ সম্পাদক হামিদুর রহমান, যমুনা সিবিএ যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির, পদ্মা সিবিএ সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, এলপিজি’র সিবিএ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক তবিরুল ইসলাম, পদ্মা সিবিএ অর্থ সম্পাদক ইয়াহিয়া আহাদ প্রমুখ।

Tags :

সর্বশেষ