চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে বালু উত্তোলনে বাধা দেওয়ায় জেলেকে পানিতে নিক্ষেপ, অপহৃত অপরজনকে ১০ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, কুমিরা আকিলপুর ও বাড়বকুণ্ড সমুদ্র উপকূলে দীর্ঘ ৩ মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। সমুদ্রকে ৩ ভাগে ভাগ করে সেখানে রাতদিন বালু উত্তোলন চলছে। এতে একদিকে সমুদ্রের গভীরতা বেড়ে বেড়িবাঁধ যেমন ভাঙছে। অন্যদিকে ওই এলাকার পরিবেশ-প্রতিবেশ মারাত্মক হুমকিতে পড়ছে। এছাড়াও স্থানীয় জেলেরা মাছ শিকারে নানাভাবে হয়রানি ও হামলার শিকার হচ্ছেন প্রতিদিন। রবিবার বালু উত্তোলনে বাধা দেওয়ায় রামদাস নামে এক জেলেকে সাগরে ফেলে দিয়েছে বালু উত্তোলনকারীরা। এ ছাড়া লিটন দাস নামে আরও এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বালু খেকো। তবে তাকে দীর্ঘ ৮-৯ ঘন্টা পর হাতিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। সমুদ্র ফেলে দেওয়া নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রামদাস ও লিটন দাস দুই ভাই মিলে নৌকায় নিয়ে সাগরে মাছ শিকারে যায়। কিন্তু সমুদ্রে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে তাদের মাছ ধরার জাল ছিঁড়ে যায়। এসব বিষয়ে তারা দুই ভাই বালু উত্তোলনকারী ড্রেজারে দায়িত্বরত ব্যক্তিদের কাছে প্রতিবাদ করতে গেলে ড্রেজারের লোকেরা রাম দাসকে ধাক্কা দিয়ে সাগর থেকে ফেলে দেয়। এসময় আরেক ভাই লিটন দাসকে অপহরণ করে বাল্কহেডে চালিয়ে চলে যায় বালু উত্তোলনকারীরা।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, নভেম্বর মাস থেকে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলন করছে পরিবেশ বিধ্বংসী একটি চক্র। বিএনপি ও জামায়াতের অনেকে এসবের নেপথ্যে থাকায় ভয়ে কেউ মুখ খুলছেন না। রীতিমতো মাঝ সাগরে ও সাগর পাড়ে পাহারা বসিয়ে তারা বালু উত্তোলনের কাজ চালাচ্ছে। সেখানে যারাই আসছেন তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে।

এদিকে সাগরে নিখোঁজ রাম দাসকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তার স্ত্রী কনিকা দাস। তিনি বলেন, আমার স্বামী অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে মেরে সমুদ্রে ফেলে দেয় এবং আমার দেবর লিটন দাসকে অপহরণ করে নিয়ে যায়। আমরা এ ঘটনায় জড়িতদের বিচার চাই।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে রাম দাসের স্ত্রী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা সাগর পাড়ে গিয়ে আহাজারি করছেন। তারা জড়িতদের কঠিন শাস্তি দাবি করে কন্দররত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে নৌ-পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হাতিয়া থানা হাট থেকে অপহরণ হওয়া লিটন দাসকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। ভোলা চ্যানেল থেকে এমবি নাবিল ফারহান নামক বাল্কহেডটিকেও আটক করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, নিখোঁজ হওয়া জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণ হওয়া জেলে লিটন দাসকে উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Tags :

সর্বশেষ