চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাব কর্মকর্তার হত্যার ঘটনা ঘটে সোমবার বিকেলে৷ এ ঘটনায় পুরো চট্টগ্রামের অবস্থা থমথমে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় জঙ্গল ছলিমপুরে। তবে এসবের ভেতরেই পাশের এলাকা সিডিএ ছিলিমপুরে খামার কর্মীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে সাতটি গরু লুট করে ডাকাতদল। আর এ ঘটনায় স্তব্ধ পুরো সীতাকুণ্ড। প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা।
জানা যায়, প্রায় দেড় মাসের ব্যবধানে সীতাকুণ্ডের তিন স্থানে গরু ডাকাতির ঘটনা ঘটেছে। সবশেষ উপজেলার সিডিএ ছিলিমপুরে মঙ্গলবার ভোরে ব্রাদার্স এগ্রো (ব্লক সি-রোড়-০১) নামে একটি গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটে।
এসময় ডাকাতদল খামারের রাখালকে মারধর করে গুরুতর আহত করে।খামার মালিক সাজেদ চৌধুরী বলেন, ভোর আনুমানিক রাত ৩টা ৫৫ মিনিটের দিকে তার মালিকানাধীন ‘ব্রাদার্স এগ্রো ফার্মে’ ডাকাতির ঘটনা ঘটে। তিনি বলেন, ডাকাতদল পূর্বপরিকল্পিতভাবে প্রথমে খামারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে সিসিটিভি ক্যামেরা অচল হয়ে পড়ে। পরে গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে খামারের কেয়ারটেকার মো. বাচ্চুকে এলোপাতাড়ি মারধর করে ও কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে একটি ট্রাকে করে খামারে থাকা মোট ৭টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। পরে আহত কেয়ারটেকারকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে ১২টি গরু এবং সোনাইছড়ির ইউনিয়নের বগুলা বাজার এলাকা থেকে ২৮টি গরু ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনা থানা পুলিশের দায়িত্বহীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে ইঙ্গিত করে। যা জনমনে দিনদিন উদ্বেগ বাড়াচ্ছে।
সীতাকুণ্ড থানার নতুন ওসি মহিনুল ইসলাম যোগদানের প্রায় দেড় মাসের মধ্যেই এ তিনটি বড় ধরনের গরু ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় নাগরিকরা এ ঘটনাকে তার ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে। ঘটনার পরপরই সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগী খামার মালিক বাদী হয়ে মামলা করেছেন।