চট্টগ্রাম-১০ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বলেছেন, চট্টগ্রামবাসীর সার্বিক উন্নয়ন ও জীবনমান উন্নত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে চাই। যতোদিন বাঁচব এই চট্টলবাসীর জন্য নিজেকে নিয়োজিত রাখব৷ আমার বাবা প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের রেখে যাওয়া কাজগুলো করব ইনশাআল্লাহ।
সোমবার নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, “চট্টগ্রাম আমার জন্মভূমি, এই এলাকার মানুষ আমার আপনজন। তাদের উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে চট্টগ্রাম-১০ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
সাঈদ আল নোমান আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে অগ্রাধিকার দিব। বিশেষ করে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি, নারী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করব৷ এ সময় তিনি চট্টগ্রামবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “জনগণের সমর্থন ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, বাসযোগ্য ও উন্নত চট্টগ্রাম গড়ে তুলতে চাই।”