চট্টগ্রাম বুলেটিন

বারবার সময়ের আবেদনে বিচারে ধীরগতি, জেরায় অসুস্থ হয়ে পড়লেন শহীদ আলিফের পিতা

চট্টগ্রামে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আবারও আলোচনায় এসেছে বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে। বুধবার চট্টগ্রাম আদালতে আসামিপক্ষের জেরার মুখোমুখি হয়ে অসুস্থ হয়ে পড়েন নিহত আইনজীবীর পিতা ও মামলার বাদী জামাল উদ্দিন। তবুও তিনি আদালতকক্ষে উপস্থিত থেকে জেরার উত্তর দেন।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়। আদালত সূত্র জানায়, এদিন আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য ছিল। ৭৬ বছর বয়সী জামাল উদ্দিন আদালতে উপস্থিত হয়ে জেরার সম্মুখীন হন। একপর্যায়ে শারীরিকভাবে অসুস্থবোধ করলে তিনি চেয়ারে বসেই জবাব দিতে থাকেন।

শুনানিকালে আসামি চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য্য পুনরায় সময়ের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। অন্যদিকে আসামি দুর্লভ দাশ ও রুমিত দাশের পক্ষে আইনজীবী কে পি শর্মা জেরা সম্পন্ন করেন। স্বীকারোক্তি প্রদানকারী আসামি রাজীব ভট্টাচার্য্য নিজেই বাদীকে জেরা করেন। পরবর্তীতে অন্য আসামিদের পক্ষ থেকেও সময়ের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৯ মার্চ নির্ধারণ করেন।

শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, দ্রুত বিচার প্রত্যাশা করা হলেও আসামিপক্ষের বারবার সময় নেওয়ায় মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তিনি জানান, বয়োবৃদ্ধ ও অসুস্থ শরীর নিয়ে বাদী আদালতে এসে সাক্ষ্য দিচ্ছেন—এটি বিচার প্রক্রিয়ার গুরুত্ব ও পারিবারিক প্রত্যাশার প্রতিফলন।

এদিন চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া অন্য সব আসামিকে আদালতে হাজির করা হয়। তাকে জেলহাজত থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয়। আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার সাক্ষ্য পর্ব শুরু হয়। তদন্ত কর্মকর্তা চার্জশিটে প্রায় ৫০ জন সাক্ষীর তালিকা দিয়েছেন। মামলার পরবর্তী শুনানিতে সাক্ষ্যগ্রহণ ও জেরা কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।

Tags :

সর্বশেষ