আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও উদ্যোগ তুলে ধরা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো রাষ্ট্রপতির ভাষণে গুরুত্ব পাবে।
তিনি জানান, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে— সরকার ইতোমধ্যে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, যেমন ফ্যামিলি কার্ড চালু করা, কৃষক কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফ— এসব উদ্যোগ যেন রাষ্ট্রপতির ভাষণে যথাযথভাবে প্রতিফলিত হয়।
এছাড়া সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি এবং সেগুলো বাস্তবায়নের জন্য গৃহীত পদক্ষেপ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বিশ্ব পরিস্থিতিতে চলমান যুদ্ধাবস্থা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করবেন। এতে অর্থমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আসন্ন ঈদের ছুটি নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে, সে বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাবিনেট সেক্রেটারি বিস্তারিত তথ্য জানাবেন।