চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম ‘ক্রাইম জোন’ খ্যাত জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে ১৫টি মামলার দুর্ধর্ষ আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মোহাম্মদ রাসেল।
পুলিশ জানায়, সম্প্রতি জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের বসবাসের উপযোগী করা হলেও ফের নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র পুনরায় এলাকাটিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। তারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল বুধবার রাতে দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১০টার দিকে পুলিশি বেষ্টনী টের পেয়ে সন্ত্রাসীরা সংগঠিত হয়ে আক্রমণের চেষ্টা চালালে পুলিশ অত্যন্ত সাহসিকতার সাথে তাদের আস্তানাটি চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশের সাঁড়াশি অভিযানে শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়লেও গভীর জঙ্গলের সুযোগ নিয়ে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, কাশেমের বিরুদ্ধে: র্যাব কর্মকর্তা হত্যা মামলা, ডাকাতি ও দস্যুতা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে সর্বমোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, এক সময়ের অপরাধীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে সন্ত্রাসমুক্ত রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা দমনে জেলা পুলিশ আপসহীন। অপরাধী যেই হোক, আইনের হাত থেকে কারো রেহাই নেই। জঙ্গল সলিমপুরে শান্তি বজায় রাখতে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।”