চট্টগ্রাম বুলেটিন

মাদক ও কিশোর গ্যাং সমাজকে কলুষিত করছে, তা দমনে মুষ্টিবদ্ধ হয়ে প্রতিবাদ করব: সাকিলা ফারজানা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নব-নির্বাচিত সাংসদ (বিএনপি) ব্যারিস্টার সাকিলা ফারজানা তাঁর নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অবৈধ সুবিধা নেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি সমাজে চলমান অবক্ষয় রোধে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন।

শপথ নেওয়ার পর শনিবার (৯ মে) বিকেলে প্রথমবারের মতো নিজ জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারীর লালিয়ারহাটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের বিএনপি পরিবার ও সর্বস্তরের জনসাধারণ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সাকিলা ফারজানা চাঁদাবাজদের সতর্ক করে বলেন, ‘কেউ আমার নামে কোথাও কোনো চাঁদাবাজি করবেন না। আমার নাম ভাঙিয়ে কোনোভাবে কোথাও কোনো সুযোগ-সুবিধা নেওয়া যাবে না, যদি না তা বৈধ হয়ে থাকে। বৈধ যেকোনো বিষয়ে আপনারা অবশ্যই আমার কাছে আসবেন, আমি আপনাদের সহযোগিতা করব।’
মাদক ও কিশোর গ্যাংয়ের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই সাংসদ বলেন, সমাজের চরম অবক্ষয়ের জন্য মাদক সেবন ও কারবার দায়ী, যা অবিলম্বে বন্ধ করতে হবে। কিশোর ও তরুণদের সহিংসতামুক্ত করে জ্ঞান অর্জনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চায় ফেরানোর ওপর জোর দেন তিনি। উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সকলে কি মাদকমুক্ত সমাজ চাই? আমাদের এখনকার অভিযান শুরু হবে মাদকমুক্ত করা নিয়ে। কিশোর গ্যাং আমাদের সমাজকে কলুষিত করছে, তা দমনে আমরা সকলে মুষ্টিবদ্ধ হয়ে প্রতিবাদ করব।’
দেশের রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত ইতিবাচক। এই গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী ও নিরবচ্ছিন্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করছেন। সার্বিক উন্নয়নের পাশাপাশি নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মেয়েদের ডিগ্রি (স্নাতক) পর্যন্ত বিনা মূল্যে পড়ালেখার সুযোগ এবং নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। হাটহাজারীর অবকাঠামো উন্নয়নকেও অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে পিতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাকিলা ফারজানা। তিনি বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের অন্যতম ঐতিহাসিক দিন। আমার মরহুম পিতা, এই আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের উত্তরসূরি হিসেবে এই অর্জন মূলত জনগণের আস্থার প্রতিফলন। বাবার ত্যাগ ও সততা আমার পথচলার প্রেরণা। তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমি আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই।’

এর আগে শনিবার বিকেলে সাকিলা ফারজানা লালিয়ারহাটে পৌঁছালে হাজারো নেতা-কর্মী ও সমর্থক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি তাঁর পিতা সৈয়দ ওয়াহিদুল আলমের কবর জিয়ারত ও মোনাজাত করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি নিজ বাসভবনে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tags :

সর্বশেষ