অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পুলিশের গুলিতে পা হারানো ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ। গত রবিবার বায়েজিদের আলিনগর এলাকায় স্থানীয়দের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে সাইফুল ইসলাম সাইফ স্পষ্ট ভাষায় বলেন:
“অন্যায়কারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যারা আমার নাম বিক্রি করে অপরাধ করবে, তাদেরকে প্রতিহত করুন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি আপনারা ব্যবস্থা নিতে না পারেন, তবে আমাকে জানান; আমি নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অতীতে অনেকেই তার নাম ভাঙিয়ে এবং নিজেকে “সাইফুলের ছোট ভাই” পরিচয় দিয়ে নানা অপকর্ম করেছে। তবে ভবিষ্যতে আর কাউকে এমন সুযোগ দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরে এই ছাত্রদল নেতা বলেন, মানবিক মূল্যবোধ, সহনশীলতা, সততা এবং ঐক্য ছাড়া কখনোই উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। দেশকে পুনর্গঠন করতে সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছাত্রদল নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা মোহাম্মদ শাহিনসহ বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।