চট্টগ্রাম বুলেটিন

সন্দ্বীপে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর আহ্বান

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের রশিদীয়া সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের সহযোগিতায় সড়কটির কিছু সংস্কার কাজ হলেও স্থায়ী সমাধানের জন্য দ্রুত সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির আশপাশে শতশত মানুষের বসবাস থাকলেও উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি। বছরের পর বছর ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেলে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে সড়কটির পাশে একটি মসজিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় মুসল্লি ও শিক্ষার্থীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে আসা মুসল্লিদের কাদামাটি ও ভাঙাচোরা পথ পেরিয়ে চলাচল করতে হয়। একইভাবে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। স্থানীয়রা জানান, বর্ষাকালে সড়কটি পানিতে ডুবে যাওয়ায় অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না। ফলে শ্রেণিকক্ষে উপস্থিতির হারও কমে যায়।

এ বিষয়ে মাইটভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “রশিদীয়া সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের অবহেলায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Tags :

সর্বশেষ