চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রাক্তন সফল শিক্ষার্থীদের অসামান্য অর্জনের স্বীকৃতি ও সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পলিটেকনিক ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস ও সন্দ্বীপের কৃতি সন্তান প্রকৌশলী বেলায়েত হোসেন।
বক্তব্যে তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের স্মৃতিচারণ করে বলেন, “এই প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধই আজকের এই অবস্থানে পৌঁছাতে মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। বন্দরনগরী চট্টগ্রামের সুপরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।”
অনুষ্ঠানে একইসাথে চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাবেক ভিপি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলমকে সংবর্ধনা প্রদান করা হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বক্তারা আশা প্রকাশ করেন যে, অভিজ্ঞ এই প্রকৌশলী নেতৃদ্বয়ের যোগ্য পরিচালনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসা যৌথভাবে চট্টগ্রামের নগর অবকাঠামো ও নাগরিক সুবিধায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বিশেষ অতিথি ছিলেন৷ এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।