চট্টগ্রামের আনোয়ারায় অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ছাবেরুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অবৈধভাবে অর্জিত সম্পদের সমপরিমাণ অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (১০ আগস্ট) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন।
দুদকের নথি অনুযায়ী, ছাবেরুল ইসলাম আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। দুদকের অনুসন্ধানে ছাবেরুল ইসলামের নামে ৯০ লাখ ১১ হাজার ২৩১ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। একই সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ধরা হয় ৭ লাখ ৩৫ হাজার টাকা। সব মিলিয়ে তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯৭ লাখ ৪৬ হাজার ২৩১ টাকা। এর বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ১৪ লাখ ৭০ হাজার টাকা। ফলে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮২ লাখ ৭৬ হাজার ২৩১ টাকা।
এ ছাড়া দুদকের অনুসন্ধানে ছাবেরুলের দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৯০ হাজার ২৩১ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ঘটনায় দুদক মামলা করে। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত ছাবেরুল ইসলামকে চার বছরের কারাদণ্ড এবং অবৈধভাবে অর্জিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ড দেন।