Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নেওয়া হলো সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রোববার বেলা ১১টা ১৭ মিনিটের দিকে তাকে বহনকারী একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

দলীয় সূত্র জানায়, মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর সময় অনুযায়ী বিকেল নাগাদ সেখানে পৌঁছাবে। সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের (SGH) নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করা হবে। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ড. জাফর ইকবাল।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত শুক্রবার তার মস্তিষ্কে দুই দফায় সফল অস্ত্রোপচার করা হয়।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে রিপোর্ট সন্তোষজনক আসে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রিপোর্ট ভালো এলেও উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড তাকে বিদেশে স্থানান্তরের পরামর্শ দেয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ তদারকি:

মির্জা আব্বাসের অসুস্থতার শুরু থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। গত শুক্রবার বিকেলে তিনি সশরীরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে শয্যাশায়ী মির্জা আব্বাসকে দেখেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Tags :

সর্বশেষ