চট্টগ্রাম নগরীর হালিশহরে ১৮ বছর বয়সী এক তরুণ চালাচ্ছিল প্রাইভেটকার। তাও আবার বেপরোয়া গতিতে। একপর্যায়ে তার প্রাইভেটকারের ধাক্কায় সাকিব (১৯) নামের এক সাইকেল আরোহী তরুণকে প্রাণ হারাতে হয়। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে হালিশহর বড়পোল মোড় সংলগ্ন আড়ংয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা রঙের হোন্ডা সিভিক (নম্বর: চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬) অতিরিক্ত গতিতে এসে রাস্তা পার হওয়া সাইকেল আরোহী সাকিবকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সাকিবের বয়স ১৫-১৭ বছর। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটি থামিয়ে চালককে আটক করে।
আটক চালকের নাম তানিম হোসেন রাকিব। তার বয়স ১৮ বছর।
খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালককে হ্যান্ডকাফ পরিয়ে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) তিতঙ্কর দাশ বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক চালককে থানায় আনা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।