Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

কুমিরকে সর্দির ভয় দেখাবেন না : সরকারকে চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “কুমিরকে সর্দির ভয় দেখাবেন না।” তিনি বলেন, ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর থেকে নানা ভয়ভীতি, হুমকি ও হামলার মুখে পড়েও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বহু রক্ত ঝরালেও এখন কোনো কিছুতেই ভয় পান না।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বাঞ্ছারামপুর আসনে হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে হাতপাখা প্রতীক তুলে দিয়ে আগামী জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা দেন চরমোনাই পীর।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি সামসুল হক সুমন।

চরমোনাই পীর আরও বলেন, “ড. ইউনূস ওয়াদা করেছিলেন বিচার ও সংস্কার শেষে নির্বাচন দেওয়ার। কিন্তু এখন সেই দুটি বিষয় বাদ দিয়ে কেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো?”

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে কানাডায়, ‘বেগমপাড়া’ তৈরি করেছে।

তিনি আরও বলেন, “দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করা হয়েছিল। সারা বিশ্বে বাংলাদেশকে একটি লজ্জাজনক অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এসব অন্যায়ের মূল কারণ হচ্ছে—আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত কুফরি আইন বাস্তবায়ন।”

Tags :

সর্বশেষ