চট্টগ্রাম বুলেটিন

চসিকের সাথে দুই প্রকল্প নিয়ে কাজ করবেন অভিনেতা পলাশ

চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ড ও সব শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং ও মেন্টাল হেলথ নামে দুটি প্রকল্পে কাজ করবেন কাবিলা খ্যাত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। তার সংগঠন ’’ডাকবাক্স’’ এর উদ্যোগে নগরে এই কর্মসূচী চসিকের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে আগামী মাস থেকে।

বৃহস্পতিবার দুপুরে চসিক মেয়রের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান। অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ জানান, চট্টগ্রাম সিটির বড় পরিবর্তন হতে যাচ্ছে। ক্লীন, গ্রীন, হেলথি ও সেইফ সিটি গড়ার অংশ হতে পেরে আমি গর্বিত। আমার ফাউন্ডেশন ’’ডাকবাক্স’’ এটাতে অংশ হতে যাচ্ছে। আমরা চট্টগ্রামকে সেইফ সিটি গড়তে মা ও শিশুদের জন্য নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বেশকিছু ’’নিরাপদ ব্রেস্ট ফিডিং সেন্টার’’ স্থাপনের উদ্যোগ নিয়েছি। নগরবাসীকে বলব আপনারা আমাদের সহায়তা করুন। আমরা আগামী মাস থেকে এই ব্রেস্ট ফিডিং কর্মসূচী শুরু করছি। আমাদের মা-বোনরা যখন বের হন যখন তারা কোথাও ব্রেস্ট ফিডিং করাতে পারেন না। সেজন্য আমরা এসব সেন্টার স্থাপন করব। আরেকটা প্রকল্পে আমরা ক্লীন, গ্রীন ও হেলথি এবং সেইফ সিটি গড়ে তোলার অংশ হিসেবে সিভিল এওয়ারনেস নিয়ে কাজ করব। আমরা শিশু ও কিশোরদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করব। তারা মাদক থেকে দূরে থাকে। নগরের ৪১টি ওয়ার্ডে ঘুরব এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যাব। আপনারা এতোদিন জিয়াউল হক পলাশ বা আপনাদের প্রিয় কাবিলাকে যেই ভালোবাসা দিয়েছেন আশা করি আপনাদের নগরে এই কাজের সময়ও সাপোর্ট দিবেন।

এতে আরও উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ প্রমুখ।

Tags :

সর্বশেষ