আব্দুল্লাহ আল মামুন বলেন, তাজমি ফুড প্রোডাক্টসের পণ্য বাজারজাত করছে মস্কো বেকারস্। এ প্রতিষ্ঠানটির কোন পণ্যের মোড়কেরই নিবন্ধন নেই। শোরুমে বসেই তারা ফ্রিজিং করা পণ্যের গায়ে লেবেল লাগিয়ে বিক্রয় করছে যা নজিরবিহীন ও আইনত দণ্ডনীয়।
এই বিষয়ে বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার (সার্টিফিকেট মার্ক) মাহফুজুর রহমান বলেন, তাজমি ফুড প্রোডাক্টসের ছয়টি পণ্যের মধ্যে তিনটির নিবন্ধন রয়েছে। নিবন্ধনকৃত পণ্যগুলো হল বিস্কুট, কেক ও দই। কিন্তু মিষ্টি, পাউরুটি ও লাচ্ছা সেমাইয়ের মত খাদ্যপণ্যের কোনো নিবন্ধন নেই প্রতিষ্ঠানটির। এছাড়া খাদ্যপণ্য বাজারজাত করতে হলে মোড়ক নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধনকৃত মোড়কে ক্রেতার অবগতির জন্য পণ্যের ১১ থেকে ১২ টি তথ্য দেওয়া থাকে। কিন্তু মস্কো বেকারসের কোন পণ্যের মোড়কের নিবন্ধন নেই। তিনি বলেন, নিবন্ধনহীন পণ্য বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি জানতে মস্কো বেকারসের ব্যবস্থাপনা পরিচালক মাইনউদ্দিন ভূঁইয়ার সাথে কথা হলে তিনি জানান, মস্কো বেকারসের প্রতিটি পণ্যের বিএসটিআই নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে। বিএসটিআইয়ের নিবন্ধন পাওয়া একটি দীর্ঘ সূত্রতার বিষয়। এছাড়া পণ্যের নিবন্ধন নিলেই হয়, মোড়কের আলাদা নিবন্ধনের প্রয়োজন পড়েনা।
এ সময় তিনি বিএসটিআইয়ের সাথে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা আছে জানিয়ে বলেন, বিএসটিআইয়ের আইন আমার জানা আছে। এমনকি তিনি কয়েকটা পত্রিকা চালান বলেও জানান এ প্রতিবেদককে। তিনি বলেন, ম্যাজিস্ট্রেটেরও কম জানা থাকতে পারে। মস্কো বেকারসের পণ্য ডিসি, এসপিরাও ক্রয় করেন এবং তারা সুনামও করে থাকেন। শোরুমে পণ্যের গায়ে লেবেল লাগানোর বিষয়ে তিনি বলেন, শোরুমে কেবল দধির লেবেল লাগানো হয়। কারণ দধির পাতিল মাটির হওয়ায় গাড়ির ঝাঁকুনিতে লেবেল পড়ে যায়। তবে এ বিষয়ে কারো সন্দেহ হলে তিনি চালান দেখতে পারেন।