জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় করার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ প্রদর্শনী বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তরুণদের মাঝে জলবায়ু সচেতনতা তৈরি ও পরিবেশ রক্ষায় তাদের নেতৃত্বের বিকাশ ঘটানোর মূল উদ্দেশ্য নিয়ে দৃষ্টি চট্টগ্রাম এবং ইপসা (YPSA)-র যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনটিতে সার্বিক সহযোগিতা করেছে ‘সলিডার সুইস’, সুইজারল্যান্ড দূতাবাস এবং ‘কল’ (CALL) প্রকল্প।
দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ জমির উদ্দীন, পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান, দ্য বিজনেস স্টান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দীন ইলিয়াস, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বৃজেট ডায়েস, দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি কসশাফুল হক শেহজাদ, ইপসার হেড অফ এডভোকেসী মোহাম্মদ আলী শাহিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু সংকটের কারণে বিশ্ব আজ এক কঠিন সময় পার করছে। এই সংকট মোকাবিলায় এবং স্থানীয় পর্যায়ে এর ক্ষতিকর প্রভাব রোধে তরুণদের এগিয়ে আসতে হবে। তাদের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব ও সচেতনতাই পারে পরিবেশের টেকসই পরিবর্তন নিশ্চিত করতে।
দ্য বিজনেস স্টান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াছ বলেন, “জলবায়ু সংকট কোনো কাল্পনিক বিষয় নয়, বরং নদীভাঙন, তীব্র তাপদাহ ও জীববৈচিত্র্যের ক্ষতিই তার প্রমাণ। পরিবেশ সুরক্ষায় মাঠপর্যায়ে তরুণদের এই সক্রিয় অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়ের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি তরুণদের যেকোনো ইতিবাচক লড়াইয়ে গণমাধ্যম সবসময় পাশে থাকবে।
দৃষ্টি চট্টগ্রাম প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, “আমাদের দীর্ঘ ৩৩ বছরের যাত্রার মূল চালিকাশক্তিই হলো তরুণরা। জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ সংকট আজ আমাদের সামনে, তা মোকাবিলায় তরুণদেরই নেতৃত্বের হাল ধরতে হবে। আমরা বিশ্বাস করি, চট্টগ্রামের মেধাবী তরুণদের হাত ধরেই জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব একটি ভবিষ্যৎ গড়ে উঠবে। ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’ তরুণদের সেই সচেতনতা ও দায়বদ্ধতাকে আরও বেগবান করবে।
আয়োজনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ইয়াসির সিলমী, দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক বনকুসুম বড়ুয়া, নিউজনাউ২৪-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান পার্থ প্রতীম নন্দী, ডিবিসি টেলিভিশনের প্রতিবেদক দৃষ্টি চট্টগ্রামের নির্বাহী কমিটির সদস্য মুজিবুল হক, দৃষ্টি চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী মুন্না মজুমদার, যুগ্ম সমন্বয়কারী রিদোয়ান আলম আদনান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ বিশেষ প্রদর্শনী বিতর্কে অংশ গ্রহণ করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাব এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। দুই দলের তার্কিকরা জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের করণীয় বিভিন্ন দিক নিয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করেন।
এছাড়াও আয়োজিত কুইজ প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে মডারেটর ও বিচারক প্যানেলের মূল্যায়ন পর্ব এবং আকর্ষণীয় কুইজের চূড়ান্ত বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।