চট্টগ্রাম বুলেটিন

বাকলিয়ায় জমি দখলকে কেন্দ্র করে চিকিৎসককে হত্যাচেষ্টা, মেরে রক্তাক্ত

চট্টগ্রামের বাকলিয়ার কেবি আমান আলী রোড়ে পুরাতন চার তলা হাজী এয়ার মোহাম্মদ স্কুল লেইনে একটি জমি দখলকে কেন্দ্র করে ইকবাল হোসেন নামে একজন চিকিৎসককে হামলা করা হয়েছে। এতে তাকে মারধর করে রক্তাক্ত করা হয়। সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বাঁচতে তিনি ফেসবুক লাইভে এসে আকুতি করেন। বারবার পুলিশের ৯৯৯ এ কল করলেও ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে দেরি করছে বলে অভিযোগ ওই ডাক্তারের।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে নগরের বাকলিয়ার রাহাত্তারপুলের কেবি আমান আলী রোড়ের নূর বেগম মসজিদের পাশে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ইকবাল হোসেন নগরের ইবনে সিনায় রোগী দেখেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই জায়গায় একটি জমি দখল করে নিতে ইকবাল হোসেনকে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্র হুমকি দিয়ে আসছিল। মঙ্গলবার একটি পক্ষের সাথে ইকবাল হোসেনদের পরিবারের সাথে জমির সার্ভে ছিল। সরেজমিনে এদিন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আসেন। কিন্তু বারবার তাকে চাপ দিতে থাকে স্থানীয় বিএনপির একটি চক্র। একপর্যায়ে তারা ডাক্তার ইকবাল হোসেনের কাছে চাঁদা দাবি করে। দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাকে মেরে আহত করে। এসময় ডাক্তার ইকবাল দৌঁড়ে আত্মরক্ষা করেন। সন্ত্রাসীরা তার হাতে ও মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তিনি একটি ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

লাইভে এসে ডাক্তার ইকবাল হোসেন বলেন, আমাকে বিএনপির সন্ত্রাসী হারুণসহ কয়েকজন চাঁদা না দেওয়াতে আমাকে মেরে ফেলতে চাইছে। তারা আমাকে হত্যা করতে চাই। আমি অবরুদ্ধ। আপনারা দ্রুত পুলিশ পাঠান। জানা গেছে, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।

জানতে চাইলে ডাক্তার ইকবাল হোসেন দক্ষিণ পূর্বকে জানান, ভাই আপনারা আসেন। আমাকে বাঁচান। ওরা আমাকে মেরে ফেলবে। বিএনপির হারুণ, হুমায়ুনসহ ১০-১২ জন আমাকে মারতে চাই। আমি পালিয়ে একটি ঘরে আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়ার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, প্রতিবেশীর সাথে বাড়াবাড়ি ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা। এটি জমি সংক্রান্ত বিষয়। আমাদের একটি টীম সেখানে আছে। তিনি কোন জায়গা থেকে লাইভ করতেছেন আমরাও জানি না।

Tags :

সর্বশেষ