উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম:
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে সন্দ্বীপ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মহাসমাবেশে জনস্রোত নেমে আসে। উপজেলার প্রায় সব ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে শ্লোগান দিতে দিতে আজ বিকাল চারটায় এসে জড়ো হন মুছাপুর ধোপার হাটের দক্ষিণ মাথায়। সমাবেশস্থলে দুপুরের আগে থেকেই উচ্ছ্বাস, স্লোগান আর ব্যানার-ফেস্টুনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বক্তব্যে তিনি বলেন, “সন্দ্বীপবাসীর প্রধান সমস্যা যাতায়াত ব্যবস্থা। একটি দ্বীপের মানুষের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ বারবার উপেক্ষিত হয়েছে। আমি জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি—মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও অস্ত্রমুক্ত সন্দ্বীপ গড়ার পাশাপাশি যাতায়াত সংকটের স্থায়ী সমাধানই হবে আমার প্রথম কাজ।”

উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল আজিজের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিকাইত বিএনপি সভাপতি গাজী হানিফ, হারামিয়া বিএনপির সভাপতি জাহাঙ্গীর, কালাপানিয়া বিএনপি সভাপতি বাহার, মাইটভাঙ্গা সাধারণ সম্পাদক ইব্রাহিম রাজু, আজিমপুর সাধারণ সম্পাদক এহসান, কালাপানিয়া সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন। এ ছাড়াও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকবর হোসেন, মুছাপুর যুবদল সভাপতি আলিম, সারিকাইত যুবদলের আহ্বায়ক নূরনবী, মগধরা যুবদল সাধারণ সম্পাদক নাছির, মগধরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম শিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির, মগধরা বিএনপি সদস্য ইকরামুল হক আজিম ও মুছাপুর ছাত্রদল নেতা তামিম বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে ধানের শীষের স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা বলছেন, এই মহাসমাবেশ আগাম নির্বাচনী উত্তেজনাকে আরও তীব্র করেছে।