সীতাকুণ্ড সংবাদদাতা:
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ মার্চ) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাতিলোটা গ্রামের ছরারকুল তার বাড়ির সামনে আনুমানিক পৌণে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাছির উদ্দিন (৪০) ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে।
নিহত নাছির উদ্দীন উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি এন আর ডেইরী ফার্ম নামের একটি গরুর খামার রয়েছে তার।
স্থানীয় সুত্রে জানা যায়, নিজ বাড়িতে ইফতার শেষে মোটরসাইকেল যোগে ফার্মের উদ্দেশ্যে বের হয়েছিলেন কৃষকদল নেতা নাছির উদ্দীন।। এ সময় তার বাড়ির ২০০-৩০০ গজ দূরেই তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথা ও ঘাড়ে কোপের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্বার করে পোস্টমর্টেমে পাঠায়।
এদিকে নাছির উদ্দীনের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা তার বাড়িতে জড়ো হয়। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
তার হত্যার প্রতিবাদে বুধবার রাত দশটায় সীতাকুণ্ড পৌরসদর বাজার এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ মিছিলে করেছে।
তার বাড়িতে উপস্থিত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম বদরুল বলেন, আজ সীতাকুণ্ড বাজারে আমাদের একটি ইফতার মাহফিল ছিল নাছির তার ব্যাক্তিগত কারনে যেতে পারেনি। পরে ইফতারের পরপর খবর পাই তাকে বাড়ির সামনে গলাকেটে হত্যা করেছে একদল সন্ত্রাসীরা। সে আমাদের দলের অত্যন্ত পরিশ্রমী নেতা। সে কালোকে কালো সাদা বলতো, কথাবার্তায় স্পষ্টবাদী ছিল। আমরা বলব এটা গুপ্ত হত্যা। চিহ্নিত পেশাদার সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, কৃষকদল নেতা নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে, ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।