চট্টগ্রাম বুলেটিন

হালিশহরে নিজ বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে মো. আকবর (৩৫) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে মাইজপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আকবর স্থানীয় আব্দুর রহমানের ছেলে এবং এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, আকবর প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা ৪–৫ জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে এবং পরে দ্রুত স্থান ত্যাগ করে।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আকবর। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “হালিশহর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে আনা হয়। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।”

এদিকে, সম্প্রতি চট্টগ্রামে সহিংসতা বেড়েছে। তিন দিন আগে নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলিতে নিহত হন সরওয়ার বাবলা নামের এক ব্যক্তি। পরদিন গুলি করা হয় আরও একজন অটোরিকশা চালককে।

স্থানীয়দের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দল ঘিরে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। পুলিশ বলছে, ঘটনাগুলোর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Tags :

সর্বশেষ