আগামী ২ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে জনসভায় যোগ দেবেন৷ তার এই সফর উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আজ বৃহস্পতিবার সীতাকুণ্ড হাইস্কুল মাঠ পরিদর্শন করেন।
বেলা ১১টার দিকে তিনি মাঠটি ঘুরে দেখেন৷ পরিদর্শনকালে তিনি সভাস্থলের সার্বিক অবস্থা, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের বসার সুবিধাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সফরটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান।
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জামায়াতের শূরা সদস্য অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. আবদুল জব্বার, জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তর জেলার সেক্রেটারি মো. জসিম উদ্দিন আজাদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ তাহের, মোহাম্মদ কুতুব উদ্দিন শিবলী, মিসবাহুল আলম রাসেল ও হাফেজ মোহাম্মদ আলী আকবর।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।