রাজনৈতিক আগ্রাসন, আধিপত্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে গণআন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত আগ্রাসন বিরোধী আন্দোলন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠান (প্রথম পর্ব) আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (০৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) মিলনায়তনে এ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করছে জেএএম সংস্থা।
এর আগে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, খুলনা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই শহীদের পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধারা আসতে থাকে। ভোরেই সহস্রাধিক জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য রাজধানীর কাকরাইলে জমায়েত হয়৷ এসময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেখা যায়, জুলাই আন্দোলনে শহীদ, আহতদের স্মৃতি, মজলুম কারা নির্যাতিত বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীর ছবি ও স্মৃতি সম্বলিত বিভিন্ন ব্যানার টাঙানো হয়েছে৷
সূত্র জানায়, অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের স্মরণে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এতে বিভিন্ন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
গতকাল (০৬ জানুয়ারি) আগ্রাসন বিরোধী আন্দোলন এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সালের ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে রাজনৈতিক প্রেসক্রিপশন ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টা থেকে ঢাকার কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, আগ্রাসন বিরোধী আন্দোলন ভবিষ্যতেও আপোষহীনভাবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ন্যায্য অধিকারের পক্ষে কাজ করে যাবে৷ অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করছে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান জেএএম সংস্থা (JAM SANGSTHA)।