Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

এসএসসি পরীক্ষার্থীদের সেবায় সীতাকুণ্ডে ‘রোড টু লাইট’ বিনামূল্যে বাস সেবার শুভ উদ্বোধন

সীতাকুণ্ডের এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নবমবারের মতো শুরু হলো ‘রোড টু লাইট’ বিনামূল্যে বাস সেবা। আজ মঙ্গলবার (২১শে এপ্রিল) সকালে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (MFJF)-এর উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম। শিক্ষার্থী ও অভিভাবকরা এটিকে যাতায়াত বিড়ম্বনা রোধে অনন্য উদ্যোগ হিসেবে দেখছেন।

জান যায়, ২০২২ সাল থেকে পরিচালিত এই কার্যক্রমটি সীতাকুণ্ডের শিক্ষার্থীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পরীক্ষার দিন যাতায়াতজনিত দুশ্চিন্তা দূর করে শিক্ষার্থীদের মনোযোগ শুধু পরীক্ষায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এবারের কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ রুট নির্ধারণ করা হয়েছে:

রুট ১: বড়দারোগাহাট থেকে সীতাকুণ্ড।

রুট ২: সীতাকুণ্ড থেকে এ.কে খাঁন।

রুট ৩: কুমিরা থেকে সীতাকুণ্ড।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান:

উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ এই সেবার যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার লুৎফুন নেছা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুর উদ্দীন লিটন, মোঃ জাহেদ হোসেন, সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী এবং সাধারণ সম্পাদক ও ‘রোড টু লাইট’-এর প্রধান সমন্বয়ক মোঃ তাইসির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

মানবিক কর্মকাণ্ডে এমএফজেএফ (MFJF):

শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন সামাজিক খাতে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন একটি আস্থার নাম হয়ে দাঁড়িয়েছে। এ পর্যন্ত তারা ৬০টিরও বেশি মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করেছে। যার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ‘ক্লিন সীতাকুণ্ড’ অভিযান, ক্যান্সার স্ক্রিনিং, বৃক্ষরোপণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পানি শোধন প্ল্যান্ট স্থাপন বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের এই নিরলস সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।

জনমত ও প্রত্যাশা:

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সীতাকুণ্ডের মতো ব্যস্ততম এলাকায় পরীক্ষার সময় যাতায়াত একটি বড় চ্যালেঞ্জ। ‘রোড টু লাইট’ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা যে মানসিক প্রশান্তি পায়, তা তাদের পরীক্ষার ফলাফলেও ইতিবাচক প্রভাব ফেলে। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সবশেষে, পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত উৎসাহব্যঞ্জক পরিবেশে ‘রোড টু লাইট ২০২৬’-এর উদ্বোধন সম্পন্ন হয়।

 

 

 

 

Tags :

সর্বশেষ