চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরী বলেছেন, সীতাকুণ্ড উপজেলা একটি শিল্প অধ্যুস্যিত এলাকা। এখানে কৃষি যেমন আছে তেমনি পর্যটন খাতের জন্যও সম্ভাবনাময় অঞ্চল এটি। তবে শিল্পের ভালো সমন্বয় ঘটানো গেলে কর্মসংস্থান, অর্থনীতিসহ সবদিক থেকে এই উপজেলার চিত্র পাল্টে যাবে৷ জাতীয় অর্থনীতিতে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠবে সীতাকুণ্ড।
শুক্রবার সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নির্বাচনী প্রচারকালে মানুষের সাথে মতবিনিময়ের সময় আসলাম চৌধুরী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, বড় বড় প্রজেক্ট দরকার হলেও প্রান্তিক লেভেলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নযজ্ঞ চালাতে হবে৷ এটি করা গেলে দেশের কোনো এলাকাই বঞ্চিত বা অবহেলিত থাকবেনা। আমাদের লক্ষ্য হচ্ছে সকল এলাকায় প্রয়োজন অনুসারে উন্নয়ন ত্বরান্বিত করা। সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নকে একটি সম্ভাবনাময় এলাকা আখ্যা দিয়ে তিনি বলেন, এখানে কৃষির সাথে শিল্পের সমন্বয় ঘটানো গেলে পুরো সীতাকুণ্ডের চেহারাই আমূল পরিবর্তন ঘটবে। নতুন নতুন কর্মসংস্থান হবে, বেকারত্ব দূর হবে৷ কলকারখানা গড়ে ওঠবে, সীতাকুণ্ডের উন্নয়ন হবে।
বিএনপির সাবেক এই যুগ্ম মহাসচিব আরও বলেন, উন্নয়নের পাশাপাশি সুশাসনও একটি বড় ফ্যাক্টর। সুশাসন নিশ্চিত করা না গেলে উন্নয়ন কর্মকান্ড ব্যর্থতায় পর্যবশিত হবে। তাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন এবং সুশাসন দুটোর মেলবন্ধন প্রয়োজন। তিনি বলেন, আগামীতে বিএনপি দেশের সেবার সুযোগ পেলে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়া হবে ইনশাল্লাহ।
বাড়বকুণ্ড ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আওরঙ্গজেব মোস্তাফার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. কমল কদর, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজাউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর প্রমূখ।