চট্টগ্রামের পতেঙ্গায় বহিনোঙরে অভিযান চালিয়ে ৬ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। একইসাথে ছয়টি গ্যাস সিলিন্ডার উদ্ধার ও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আটজন রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারের নাগরিক।
শনিবার কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) ভোর ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালানো হয়। এসময় বোটটিতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার উদ্ধার করা হয়। একইসাথে নগদ ১৫ হাজার ৮ শত ৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই সবাই অবৈধ পাচারের সাথে জড়িত।
এতে আরও জানানো হয়, একই বোটকে ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিলো বলে জানা গেছে।
কোস্টগার্ড কর্মকর্তারা জানান, কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানের কারণে মানবপাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভবপর হয়েছে। এতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।