চট্টগ্রাম বুলেটিন

দায়িত্বের ভার কাঁধে নিয়ে রাজনীতি করেছেন খালেদা জিয়া: আনোয়ার ছিদ্দীক চৌধুরী

বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যা লিখেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দীক চৌধুরী।

গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক দীর্ঘ পোস্টে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সংগ্রামের কথা তুলে ধরেন। এসময় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। বলেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন৷ পাঠকের উদ্দেশ্যে নিচে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো৷ আনোয়ার ছিদ্দীক চৌধুরী চট্টগ্রাম-৪ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

আজকের এই ভারাক্রান্ত শোকাবহ সময়ে কিছু কথা হৃদয়ের গহীন থেকে থেকে তুলে ধরতে চাই।
খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে একটি প্রতিরোধের নাম। আপোষহীন নেতৃত্ব, দৃঢ় কণ্ঠে কথা বলার সাহস, আর দেশের স্বার্থে মাথা নত না করার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন ইতিহাসে তা আলাদা করে চিহ্নিত হয়ে থাকবে। কঠিন সময়েও তিনি বারবার বলেছেন দেশের পক্ষে কথা, বলেছেন অন্যায়ের বিরুদ্ধে, বলেছেন সার্বভৌমত্বের প্রশ্নে আপস না করার কথা। ক্ষমতার মোহ নয়, বরং দায়িত্বের ভার কাঁধে নিয়েই তিনি রাজনীতি করেছেন।
তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে এক স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। জুলুম, নির্যাতন, দমন-পীড়নের মুখেও দেশ ছেড়ে না গিয়ে দেশের মাটিতেই দাঁড়িয়ে থাকার যে দৃঢ়তা দেখিয়েছিলেন তা সহজ না।
কিন্তু তিনি তা করেছেন।
খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সম্পর্কও ছিল ইতিহাসের অংশ। ইসলাম, আলেম উলামা ও ধর্মীয় মূল্যবোধের পক্ষে তাঁর স্পষ্ট অবস্থান বহুবার প্রকাশ পেয়েছে। জামায়াতের নেতাদের ওপর জুলুম হলে তিনি প্রতিবাদ করেছেন, শিবিরের প্রতি তাঁর ইতিবাচক বক্তব্যও মানুষের মনে জায়গা করে নিয়েছে।

রাজনৈতিক মতভেদ থাকলেও ন্যায় ও ইনসাফের প্রশ্নে তাঁর অবস্থান ছিল পরিষ্কার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, খালেদা জিয়ার আহ্বানে গণতন্ত্র রক্ষার আন্দোলনে জামায়াত ও ছাত্রশিবির যে ত্যাগ স্বীকার করেছে, তা ইতিহাস অস্বীকার করতে পারবে না। মার্চ ফর ডেমোক্রেসির মতো কর্মসূচিতে শিবিরের সাহসী ভূমিকা, প্রতিকূল পরিস্থিতিতে ব্যারিকেড ও বালুর ট্রাকের সময়ে শাহাদাতের ঘটনা, আন্দোলন এগিয়ে নেওয়ার দৃশ্য, এসব ছিল কেবল নিছক রাজনৈতিক কর্মসূচি নয়, ছিল আদর্শের প্রতি অঙ্গীকার।

মহান আল্লাহ তাঁর প্রতি রহম করুন, তাঁর ভালো কাজগুলো কবুল করুন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে নসিব করুন। আর আমাদের সবাইকে যেন সত্য, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকার তাওফিক দেন।

আমিন।

Tags :

সর্বশেষ