চট্টগ্রাম বুলেটিন

পাওনা টাকা নিয়ে বিরোধ: কিল-ঘুষিতে ব্যবসায়ী দিদারের মৃত্যু, আটক ১

দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দিদারুল আলম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তৈয়বকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মইজ্জ্যারটেক এলাকার আল আকসা হোটেলের সামনে দিদারুল আলম ও তৈয়বের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় তৈয়ব দিদারের ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর এলাকার মরহুম আহমেদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

অন্যদিকে নিহতের পরিবারের অভিযোগ, এটি তাৎক্ষণিক কোনো ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হামলা। তাদের দাবি, অভিযুক্ত তৈয়বের সঙ্গে দিদারের প্রকৃত কোনো লেনদেন ছিল না এবং পূর্বেও সে এ ধরনের ঘটনায় জড়িত ছিল। সুযোগ বুঝে দিদারকে একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

সর্বশেষ