চট্টগ্রাম বুলেটিন

লালবাগ থানার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন গ্রেপ্তার: ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর লালবাগে সহিংসতার ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

আটকের নেপথ্য ঘটনা

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় তাঁর চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে শিরীন শারমিনকে আটক করা হয়। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি ডিবি হেফাজতেই রয়েছেন।

মামলার বিবরণ

ডিবি কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, সাবেক স্পিকারের বিরুদ্ধে রাজধানীর উত্তরা, বনানীসহ বিভিন্ন থানায় অন্তত ৬টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় শিরীন শারমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও আসামি হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন।

রাজনৈতিক প্রেক্ষাপট

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ড. শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ২ সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। উল্লেখ্য যে, ২০১৩ সালের ৩০ এপ্রিল থেকে টানা তিন মেয়াদে তিনি স্পিকারের দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


Tags :

সর্বশেষ