উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)
সন্দ্বীপে (চট্টগ্রাম-৩) বিএনপির নির্বাচনী প্রচারণা সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর ঠাকুরের দেওয়া সাম্প্রতিক এক নির্বাচনী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আসনটির ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলাউদ্দিন সিকদার। বিএনপি নেতার বক্তব্যকে উসকানিমূলক ও ইতিহাস বিকৃতি আখ্যা দিয়ে তিনি এর তীব্র নিন্দা জানান।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার বলেন, গত শুক্রবার মগধরা ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা সভায় আলমগীর ঠাকুর জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে অত্যন্ত আপত্তিকর ও কাল্পনিক বক্তব্য দিয়েছেন।
আলাউদ্দিন সিকদার তার বিবৃতিতে বলেন, “আলমগীর ঠাকুর অভিযোগ করেছেন যে পেট্রোল বোমা হামলা ও নাশকতার জন্য চট্টগ্রাম থেকে সন্ত্রাসী আনা হচ্ছে। তিনি স্পষ্টতই জামায়াতকে ইঙ্গিত করে এই উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। মূলত সন্দ্বীপে আমাদের জোয়ার দেখে তারা দিশেহারা হয়ে পড়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।
সন্দ্বীপের বিদ্যুতায়ন নিয়ে বিএনপি নেতার বক্তব্যের কঠোর সমালোচনা করে জামায়াত প্রার্থী বলেন-আলমগীর ঠাকুর তার বক্তব্যে দাবি করেছেন সন্দ্বীপে বিদ্যুৎ এনেছেন কামাল পাশা। এটি চরম মিথ্যাচার ও ইতিহাস বিকৃতি। পুরো সন্দ্বীপবাসী জানে, সন্দ্বীপের কৃতি সন্তান এবং সাবেক সচিব মনোয়ার হোসেনের নিরলস ও আন্তরিক প্রচেষ্টার ফলেই সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। একজনের পরিশ্রমের কৃতিত্ব অন্য কারো নামে চালিয়ে দেওয়া রাজনৈতিক দৈন্যতা ছাড়া আর কিছুই নয়।
বিবৃতিতে মুহাম্মদ আলাউদ্দিন সিকদার আরও বলেন, সন্দ্বীপের মানুষ সবসময় শান্তিপ্রিয়। উন্নয়নের নামে মিথ্যা তথ্য দিয়ে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে ভোট আদায়ের দিন শেষ হয়ে গেছে। তিনি বিএনপি নেতাদের প্রতি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার এবং উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
একইসাথে তিনি নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান।