চট্টগ্রাম বুলেটিন

সন্দ্বীপে রাজনৈতিক দলের সাইনবোর্ড ব্যবহার করে একটি শ্রেণি কোটিপতি হওয়ার নেশায় মেতেছে: ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

 সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:

সন্দ্বীপে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেন, ইদানিং লক্ষ্য করা গেছে সন্দ্বীপ উপজেলায় একশ্রেণির ব্যক্তি রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করে রাতারাতি বিপুল অর্থের মালিক হওয়ার জন্য দিনকে রাত এবং রাতকে দিন মনে করে সরকারি উন্নয়ন কার্যক্রমে ব্যাপক অনিয়ম করে যাচ্ছে।

এক বিবৃতিতে তিনি সন্দ্বীপ উপজেলায় চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে এবং অনিয়ম রুখতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন, বিশেষ করে সন্দ্বীপের খাল খনন কর্মসূচি, টিআর-কাবিখা বরাদ্দ, এলজিইডি ও সওজ কর্তৃক রাস্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, ত্রাণ, পূর্ত, নৌ-পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত উন্নয়ন কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা জরুরি।

প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিটি কাজের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ, রাস্তা বা অবকাঠামোর দৈর্ঘ্য, প্রস্থ, থিকনেস এবং ঢালাইয়ের সুনির্দিষ্ট রেশিও (বিশেষ করে রড, সিমেন্ট, পাথর/ইটের কণা, সিলেট বালু ও লোকাল বালুর এফ.এম- F.M. অনুপাত) সম্বলিত সাইনবোর্ড প্রকল্প এলাকায় ঝুলানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কাজের বিবরণী প্রকাশ্যে টাঙানো থাকলে অনিয়মের সুযোগ অনেকাংশে কমে যাবে।

উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখার বিষয়ে তিনি আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি ভঙ্গুর রাষ্ট্রকে নিজের পায়ের ওপর দাঁড় করাতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার এই আন্তরিক প্রয়াসকে সফল করতে হলে সন্দ্বীপ উপজেলার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO), সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সাধারণ মানুষের সমন্বিত সচেতনতা ও কঠোর তদারকি প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সন্দ্বীপের উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান নিশ্চিত করা সম্ভব।

বিবৃতির শেষাংশে তিনি সন্দ্বীপের খাল খননসহ সব ধরনের উন্নয়ন কাজ যাতে যথাযথ তদারকির মাধ্যমে সঠিকভাবে সম্পাদিত হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

Tags :

সর্বশেষ