চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে আবাসিকগুলো হয়ে ওঠছে একেকটি পতিতালয়

সীতাকুণ্ড পৌর সদরের আবাসিক হোটেলগুলোতে ব্যবসার আড়ালে অবাধে চলছে অনৈতিক কর্মকাণ্ড ও পতিতাবৃত্তি। সম্প্রতি ‘সাইমুন’ নামের একটি হোটেলে অসামাজিক কার্যকলাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও বাজার কমিটির নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ সম্মেলন করেছে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ নামের একটি সংগঠন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবে (ফ্যাসিবাদমুক্ত) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নেতা মো. আসাদ। তিনি জানান, গত ৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে সাইমুন হোটেলে গিয়ে দুই নারী-পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা হয়। এসময় হোটেল মালিক ও ম্যানেজার বিষয়টি ধামাচাপা দিতে সংগঠনের নেতাদের ওপর হামলা চালায় ও প্রাণনাশের হুমকি দেয়। এতে সংগঠনের এক নেতা আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘটনাস্থলে বাজার কমিটির কয়েকজন নেতা উপস্থিত হলেও তারা অভিযুক্তদের পক্ষ নিয়ে সংগঠনের নেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি ওইদিন রাতে বিষয়টি নিয়ে বৈঠকের কথা থাকলেও হোটেল কর্তৃপক্ষ ও বাজার কমিটির প্রতিনিধিরা সেখানে উপস্থিত হননি। এতে স্থানীয় ব্যবসায়ী নেতাদের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

আবাসিক হোটেলগুলোতে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড রোধে কার্যকর নজরদারি জোরদার করা, হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করাসহ চার দফা দাবি জানানো হয়েছে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, কিছু আবাসিক হোটেলের বিরুদ্ধে এমন অভিযোগ আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ না পেলেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল, তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।

অন্যদিকে, পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

সর্বশেষ