জুলাই শহীদ পরিবারের সদস্য ও সনাতনী নেতাদের সাথে নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের।
সোমবার(৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটায় নগরীর একটি রেস্টুরেন্টে তিনি ভবিষ্যৎ চট্টগ্রাম বিনির্মানের লক্ষ্যে ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। এসময় তার সাথে ছিলেন, জুলাই শহীদ ওমর বিন নুরুল আবছারের মা রুবি আক্তার, শহীদ মাহবুবুল হাসান মাছুমের বড় ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান, বিআইটিআইডি’র সাবেক পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. বখতিয়ার আলম, বোয়ালখালী উপজেলা হিন্দু পরিষদের নেতা পংকজ শীল, ভুটান বিশ্বাস ও সুজন ভট্টাচার্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন।
শহীদ ওমর বিন নুরুল আবছারের মা রুবি আক্তার বলেন, নাসের ভাই যখন নির্বাচন করবেন বলেছেন তখন আমরা হতাশ হয়ে পড়ি। তার মতো সৎ, যোগ্য, নেতৃত্ব সম্পন্ন মানুষ চট্টগ্রাম-৮ এ আর নেই। তিনি এই আসনের মানুষের সুখ-দুঃখের সাথী। আমি মনে করি তার হাতেই বোয়ালখালীর কালুরঘাট সেতু বাস্তবায়ন হবে।
হিন্দু পরিষদের নেতা পংকজ শীল বলেন, ডা. আবু নাছের একজন মানবিক মানুষই নন শুধু তিনি এই জনপদের আপামর বন্ধু৷ আমরা তাই এমপি হিসেবে। জয়ের মালা ১২ তারিখ তার গলাতেই ওঠবে।
হিন্দু পরিষদের নেতা ভুটান বিশ্বাস বলেন, নাছের ভাই ভালো মানুষ। তার মতো অমায়িক মানুষ এখনকার সময়ে পাওয়া ভার। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে হিন্দুরা নিরাপদ থাকবে৷ জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা নিরাপদ এটা হলো অপপ্রচার ও মিথ্যা কথা। আসল সত্য হলো জামায়াতে ইসলামী আমাদের বন্ধু। তারা ক্ষমতায় আসুক এটাই আমরা চাই।
ডা. আবু নাছের নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
১১ দফা ইশতেহার…
১. দ্রুততম সময়ের মধ্যে কালুরঘাট সেতুর বাস্তবায়ন দৃশ্যমান করা হবে।
২. চান্দগাঁও, বোয়ালখালী ও পাঁচলাইশ-বায়েজিদ (আংশিক) এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন।
৩. গার্মেন্টস ও অন্যান্য শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ও সময়মত বেতন-ভাতা নিশ্চিত করা হবে।
৪. আন্তঃধর্মীয় সম্প্রীতি বিনির্মাণের লক্ষ্যে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে নিয়মিত বৈঠক এবং হিন্দু, বৌদ্ধ, ব্রীষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য যথাযথ নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ করা হবে।
৫. চট্টগ্রাম-০৮ আসনের পূর্বাঞ্চলে (জ্যৈষ্ঠপুরা) একটি পরিকল্পিত ইকো-ট্যুরিজম গড়ে তোলা হবে।
৬. গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট ও ব্রীজ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে।
৭. বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীত করে পর্যাপ্ত ডাক্তার, নার্স নিশ্চায়নসহ চট্টগ্রাম-৮ আসনের কমিউনিটি ক্লিনিকগুলোর আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন করা হবে।
৮. বেকার যুবকদের কর্ম উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ঘটানোর পাশাপাশি যুৰ উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরির প্রচেষ্টা চালানো হবে।
৯. সরকারি সকল অফিসে ঘুষ ও হয়রানি বন্ধ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ জোন হিসেবে এ আসনকে গড়ে তোলা হবে; যাতে মা-বোনসহ এলাকার সকল ধর্মের মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারে।
১০. চট্টগ্রামের ঐতিহ্যবাহী আমিন জুট-মিলসহ বন্ধ কল-কারখানা পুনরায় চালুকরণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
১১. কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে পরিকল্পিত নগরায়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।